ডিআইইউ ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:৫৫ পিএম


ডিআইইউ ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ
পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগ : ছবি আরটিভি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পলিটিক্যাল সায়েন্স বিভাগ আয়োজিত ‘পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগ’-এ রেফারির সিদ্ধান্ত ও আয়োজক কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষার্থী। তাদের অভিযোগ, বিশেষ করে এমএসএস-১ দলকে নিয়মবহির্ভূত সুবিধা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় ব্যাচ-২৮ ও ব্যাচ-২৪-এর মধ্যকার ম্যাচে মারামারির ঘটনা ঘটলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে সিনিয়রদের দল এমএসএস-১-কে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

অভিযোগ অনুযায়ী এ বিষয়ে ব্যাচ-২৯-এর খেলোয়াড়রা রেফারির কাছে জানতে চাইলে তিনি বলেন, এই নিয়মে খেলতে হলে খেলো, না হলে চলে যাও। রেফারির এমন মন্তব্যে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক পলিটিক্যাল সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের পক্ষপাতিত্ব নতুন নয়। প্রায় প্রতিবছরই দেখা যায়, আয়োজক হিসেবে থাকা সিনিয়ররা নিজেদের দলকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে জিতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে শিক্ষকদেরও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না।

আরেক শিক্ষার্থী বলেন, রেফারি নির্বাচনের ক্ষেত্রে আয়োজকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছেন। ভুল সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য জানতে চাইলে তারা বলেন, আমাদের মূল রেফারি উপস্থিত না থাকায় আজ যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি খেলা পরিচালনায় পরিপূর্ণ অভিজ্ঞ নন—এটি আমরাও বুঝতে পেরেছি। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরবর্তী ম্যাচগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

শিক্ষার্থীরা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভাগীয় টুর্নামেন্টগুলোতে যদি এ ধরনের পক্ষপাতিত্ব ও অনিয়ম চলতে থাকে, তাহলে ভবিষ্যতে টুর্নামেন্টে আয়োজন ও অংশগ্রহণে শিক্ষার্থীরা আগ্রহ হারাবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission